বুধবার ভারতে আবারও চালু হচ্ছে ফক্সকনের কারখানা
আগামী বুধবার আবারও চালু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর শ্রিপেরামবুদুরে অবস্থিত ফক্সকনের কারখানা। এই কারখানায় অ্যাপলের আইফোন ১২ উৎপাদন হয়ে থাকে। সম্প্রতি খাদ্যে বিষক্রিয়ায় আড়াইশ’ কর্মীর অসুস্থ হয়ে পড়া এবং আবাসন ব্যবস্থার দুরবস্থা নিয়ে কর্মীদের প্রতিবাদের মুখে কারখানাটি বন্ধ ছিলো। খবর রয়টার্স।
কারখানাটিতে প্রায় ১৭ হাজার কর্মী কাজ করতেন। গত ১৮ ডিসেম্বর খাদ্যে বিষক্রিয়ায় সেখানকার প্রায় আড়াইশ’ কর্মী অসুস্থ হয়ে পড়ে। এতে কর্মীদের প্রতিবাদের মুখে বন্ধ হয়ে যায় কারখানা। প্রাথমিকভাবে পাঁচশ’ কর্মী নিয়ে বুধবার কারখানাটি চালু করা হবে।
কারখানাটিতে আইফোন উৎপাদন হলেও কারখানাটি পরিচালনা করে চুক্তিভিত্তিক ইলেকট্রনিক পণ্য উৎপাদক প্রতিষ্ঠান ফক্সকন। নিজস্ব তদন্তে কর্মীদের আবাসন ও খাবার ব্যবস্থা নিয়ে অভিযোগের সত্যতা পেয়ে কারখানাটিকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছিলো অ্যাপল। অতীতে এসব ক্ষেত্রে কারখানার সাথে সম্পর্কচ্ছেদের ঘটনা ঘটলেও এবার এখন পর্যন্ত জোরালো কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।
স্থানীয় জনপ্রতিনিধি কে সেলভাপেরুনথাগাই-এর বরাত দিয়ে খবরে বলা হয়, কারখানাটির হাজারো শ্রমিকের জন্য স্থানীয় সরকার আবাসন ব্যবস্থা নির্মাণ করবে। এমন ঘটনা আবার ঘটুক, সরকার সেটি চায় না যে সে বিষয়টি পরিস্কার।
ডিবিটেক/বিএমটি